রংপুরে মেডিকেল শিক্ষার্থীর মুক্তির দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

রংপুর নগরীর কেন্দ্রীয় কারাগারের সামনে সহপাঠীর মুক্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে রংপুরের সাথে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে রাত পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

বিজ্ঞাপন

গত সোমবার সন্ধ্যায় নগরীর ডেন্টাল রোডের নর্থ ভিউ হোটেলের দশম তলার ছাদ থেকে নিচে পড়ে নুসরাত জাহান নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শিক্ষার্থী রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার বিকেলে একটি মামলা দায়ের করেন, যেখানে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহম্মেদ সাকিনসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, শাহরিয়ার আহম্মেদ সাকিন নিহত শিক্ষার্থীর গৃহশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। বিষয়টি ডিবি কার্যালয়ে জানাতে গেলে মঙ্গলবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের নামে আটক করা হয় এবং পরবর্তীতে পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। শিক্ষার্থীদের দাবি, কোনো ধরনের অকাট্য প্রমাণ ছাড়াই তাদের সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী কবির এ বিষয়ে জানান, কেবল এজাহারের ভিত্তিতে তদন্ত ছাড়া একজন মেধাবী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা সমীচীন নয়। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%