হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে নানি নিহত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাতির লাথিতে ইয়ারুন নেসা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ২ নম্বর ওয়ার্ডের রূপচান মাঝির বাড়িতে ঘটা এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইয়ারুন নেসা ও তার নাতি মেহেদী হাসানের পরিবারের আলাদা হাঁস ছিল। রোববার বিকেলে নাতি তার হাঁস খুঁজে না পেয়ে নানির হাঁসটিকে নিজের দাবি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে ইয়ারুন নেসা হাতে থাকা লাঠি দিয়ে নাতিকে আঘাত করেন।

উত্তেজিত মেহেদী হাসান এ সময় নানিকে সজোরে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে বৃদ্ধার মৃত্যু হয়।

কেদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রোকনুজ্জামান জানান, হাঁস নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই এই পারিবারিক বিরোধের সূত্রপাত ঘটে। সামান্য একটি ঘটনায় মায়ের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না নিহত ইয়ারুন নেসার সন্তান সোহরাব মাঝি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

বিজ্ঞাপন

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান হাওলাদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়রা এবং নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%