হাইমচরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নৃশংসভাবে হত্যা, স্বামী আটক

চাঁদপুরের হাইমচরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কাকলী বেগমকে (২২) নৃশংসভাবে হত্যার অভিযোগে স্বামী জহিরুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) বিকেলে নীলকমল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঢ়ী কান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম তার অন্তঃসত্ত্বা স্ত্রী কাকলিকে ধানক্ষেতের পাশে নিয়ে হাত-পা বেঁধে হত্যা করেন। পরে পুলিশের কাছে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে জহিরুল হত্যার দায় স্বীকার করে বলেন, তার ধারণা ছিল স্ত্রী কাকলির গর্ভের সন্তানটি তার নয়। তিনি অভিযোগ করেন, কাকলি পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, যা তিনি সহ্য করতে পারেননি।
জহিরুল আরও দাবি করেন, এ নিয়ে সংসারে অশান্তি চলছিল। ক্রোধের বশে তিনি কাকলিকে পরিকল্পিতভাবে হত্যা করেন।
ঘটনার পরপরই নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান মনির শিকদার বিষয়টি ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে এসআই কবিরের নেতৃত্বে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে যায়। তারা ধানক্ষেত থেকে কাকলির মরদেহ উদ্ধার করে এবং সেখান থেকেই ঘাতক জহিরুলকে আটক করে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই। হত্যাকাণ্ডে জড়িত স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং জহিরুলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
