ভোলার দৌলতখানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে দুই বসতঘর ভস্মীভূত

ভোলার দৌলতখান পৌরসভার হালিম শাহ পুকুরের পেছনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার বেলা ৩টার দিকে সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দুটির সর্বস্ব পুড়ে যাওয়ায় তারা এখন চরম মানবেতর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে জীবন বাবুর বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়লে জীবন বাবুর পাশাপাশি প্রতিবেশী দুলাল দেবনাথের বসতঘরটিও আগুনের গ্রাসে পরিণত হয়।

খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘর দুটির ভেতরে থাকা যাবতীয় মালামাল ও প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুখলেসুর রহমান জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলো দাবি করেছে।

স্থানীয়রা জানান, হঠাৎ এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সহায়তার পাশাপাশি দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%