বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় শাহজাহান আলী নামের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাওয়াখানা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলীর বাড়ি একই ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি দ্রুতগতির কোচ তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক প্রক্রিয়া শেষে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য মরদেহটি শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী জানান, আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্থানীয়রা দোষী চালককে দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
