কেরানীগঞ্জে দুই মাস ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী কিশোর উদ্ধারে স্বজনদের আকুতি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পলাশপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও মোহাম্মদ নামের এক মানসিক প্রতিবন্ধী কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সন্তানকে ফিরে না পাওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবার। নিখোঁজ মোহাম্মদ স্থানীয় বাসিন্দা রমজান আলির ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, চার বছর বয়স থেকেই মোহাম্মদ মানসিক রোগে আক্রান্ত ছিলেন। গত ১৩ মে রাত ১০টার দিকে পরিবারের অগোচরে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। আত্মীয়-স্বজন ও পরিচিত সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।
ঘটনার ছয় দিন পর অর্থাৎ ১৯ মে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ১৪৫২। নিখোঁজের সময় তার পরনে কোনো পোশাক ছিল না। কিশোরটির উচ্চতা আনুমানিক ৪ ফুট এবং গায়ের রং শ্যামলা।
নিখোঁজ মোহাম্মদের সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ০১৯১৬৯৫৯১৭২, ০১৯৬৪৮৭৫২৫৮ অথবা ০১৯১৬৯৫৯০৪১ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। সন্তানকে ফিরে পেতে পরিবারটি এখন সব মহলের সহযোগিতা কামনা করছে।
