AdvertisementAdvertisement

ইউনিলিভারের ব্যবসায়িক প্রতিযোগিতায় বিজয়ী সোপ আর স্টারস দল

বাংলাদেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ উদ্ভাবনী ব্যবসায়িক নেতৃত্ব অন্বেষণে আয়োজিত প্রতিযোগিতা ‘বিজমায়েস্ট্রোস এক্স ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম ২০২৬’-এর ১৬তম আসরের চূড়ান্ত পর্ব সম্পন্ন করেছে। ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ মেধাবীদের দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে আয়োজিত এই গ্র্যান্ড ফিনালেতে শ্রেষ্ঠত্বের মুকুট জয় করেছে ‘সোপ-আর-স্টারস’ দল। মীর রামিসা রাইয়ান, ফাইয়াজ আমিন ও রুশমিলা হাবিবের সমন্বয়ে গঠিত এই বিজয়ী দল তাদের উদ্ভাবনী প্রস্তাবনার মাধ্যমে বিচারকদের নজর কাড়তে সক্ষম হয়েছে।

প্রতিযোগিতায় প্রথম রানার্সআপের গৌরব অর্জন করেছে ‘লকড আউট’ এবং দ্বিতীয় রানার্সআপ হিসেবে নির্বাচিত হয়েছে ‘ব্রেকিং গুড’ দল। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাস্তব ব্যবসায়িক সমস্যা সমাধানের ওপর ভিত্তি করে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। বিচারকেরা মূলত প্রস্তাবনাগুলোর উদ্ভাবন ক্ষমতা, বাস্তবায়নের সুযোগ এবং ব্যবসায়িক কার্যকারিতার ওপর ভিত্তি করে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

Advertisement
বিজ্ঞাপন

ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ পরিচালক সাইয়েদা দুরদানা কবির এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, যারা প্রচলিত প্রথার বাইরে গিয়ে সাহসের সঙ্গে নতুন ধারার চিন্তাকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত, ভবিষ্যৎ নেতৃত্বের নেতৃত্ব তাদের হাতেই থাকবে। তিনি আরও যোগ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে করপোরেট সংস্কৃতির সঙ্গে মানানসই দক্ষ নেতৃত্ব তৈরির একটি টেকসই ভিত্তি তৈরি হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

উল্লেখ্য, এই প্রথমবারের মতো বিজমায়েস্ট্রোস ও ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রামকে একটি একক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে ইউনিলিভার। প্রতিযোগিতায় আবেদন প্রক্রিয়া, ডিজিটাল সাক্ষাৎকার ও গভীর মূল্যায়নের ধাপ পেরিয়ে ৪৫ জন প্রতিযোগী বুটক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। পরবর্তীতে তাঁদের মধ্য থেকে ১৮ জন দক্ষ প্রতিযোগীকে ছয়টি দলে বিভক্ত করে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়।

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মের নেতৃত্বের দক্ষতা বিকাশের পাশাপাশি তাদের কর্মজীবনের শুরুতেই পেশাদার ক্যারিয়ারের সুযোগ করে দেওয়া। বিজয়ী ও সেরা অংশগ্রহণকারীরা ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রামের চূড়ান্ত সাক্ষাৎকারে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবেন। এছাড়া তারা ইউনিলিভার লিডারশিপ ইন্টার্নশিপ কর্মসূচিসহ কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য সরাসরি বিবেচিত হওয়ার সুযোগ লাভ করবেন।

0%
0%
0%
0%