কুয়াকাটা সৈকতে ভেসে এল বিরল প্রজাতির মৃত ফাইলফিশ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের চর গঙ্গামতি এলাকায় বিরল প্রজাতির একটি মৃত সামুদ্রিক ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ বা ‘ফাইলফিশ’ ভেসে এসেছে। রোববার বিকেলে সৈকতে বালুর ওপর পড়ে থাকা মাছটি স্থানীয় বাসিন্দা আব্দুল জলিলের চোখে পড়লে বিষয়টি জানাজানি হয়। অদ্ভুত আকৃতির এই মাছটিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
মাছটি দেখার জন্য স্থানীয় উৎসুক জনতা ও পর্যটকরা সৈকতে ভিড় করেন। ধারণা করা হচ্ছে, রাতের জোয়ারের তোড়ে গভীর সমুদ্র থেকে মাছটি ভেসে উপকূলে এসেছে। স্থানীয় পরিবেশকর্মীরা জানান, এর আগে এলাকায় এ ধরনের মাছ সচরাচর দেখা যায়নি, যার ফলে ঘটনাটি বেশ ব্যতিক্রমী হিসেবে বিবেচিত হচ্ছে।
মৎস্য বিশেষজ্ঞদের মতে, ফাইলফিশের বৈজ্ঞানিক নাম আলুটেরাস মোনোসেরাস। মাছটির শরীর চ্যাপ্টা এবং চামড়া অত্যন্ত শক্ত ও খসখসে হওয়ায় একে ‘লেদারজ্যাকেট’ বলা হয়। এদের মাথার ওপর একটি ছোট ও পাতলা কাঁটা থাকে। এগুলো মূলত গভীর সমুদ্রের বাসিন্দা এবং শৈবাল, স্পঞ্জ, জেলিফিশ ও বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী খেয়ে বেঁচে থাকে।
গবেষকদের ভাষ্যমতে, পরিবেশগত ভারসাম্যহীনতা, ঝড়ো আবহাওয়া, সমুদ্রস্রোতের আকস্মিক পরিবর্তন কিংবা অসুস্থতার কারণে গভীর সমুদ্রের এসব মাছ উপকূলে ভেসে আসতে পারে। তবে এমন বিরল প্রজাতির মাছ তীরে ভেসে আসার ঘটনা সচরাচর ঘটে না।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছটি ফাইলফিশ প্রজাতির বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। উপকূলে এ ধরনের বিরল সামুদ্রিক প্রাণী ভেসে এলে তা যথাযথভাবে সংরক্ষণ ও গবেষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
