নেত্রকোনায় আটক রোহিঙ্গা মা ও শিশুকে কক্সবাজার ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী শিশুকন্যাকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে কঠোর পুলিশি নিরাপত্তায় তাদের বিশেষ ব্যবস্থায় সংশ্লিষ্ট ক্যাম্পে স্থানান্তর করা হয়। দুর্গাপুর থানার উপপরিদর্শক ফিরোজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার ভোরে উপজেলার বিজয়পুর বিওপির আওতাধীন ভাংতি বাজার এলাকা থেকে মাজিদা বেগম নামের ২৫ বছর বয়সী ওই নারীকে তার শিশুকন্যা আয়েশাসহ স্থানীয়রা আটক করেন। খবর পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরবর্তী সময়ে দুপুরে আইনানুগ কার্যক্রম সম্পন্নের জন্য তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, সীমান্ত পিলার ১১৫১/৩-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজিদা জানান, তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের স্থায়ী বাসিন্দা এবং তার বাবার নাম আব্দুল আলিম। তিনি ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশত্যাগের পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, আটককৃত মা ও শিশুর পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পুনরায় কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় জনমনে কৌতূহলের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%