ধামরাইয়ে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত আহত এক

ঢাকার ধামরাইয়ে মাটিবাহী একটি বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় সাভার ল্যাবরেটরি স্কুলের দুই শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক কিশোর, যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতরা হলো ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার মোহাম্মদ আলীর ছেলে মহিম এবং একই এলাকার রুবেল হোসেনের ছেলে অনিক। আহত কিশোর আতাউল্লাহ কুল্লা ইউনিয়নের কাতর বাইল্লা গ্রামের আবু তালেবের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেলে মাটিবাহী একটি ড্রাম ট্রাক কালিয়াকৈরমুখী লেনে যাওয়ার সময় সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল সেটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের সামনে চলে এলে পেছন থেকে সেটিকে ধাক্কা দেয় ঘাতক ট্রাকটি। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়া তিন আরোহীকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ট্রাকটি।
দুর্ঘটনার পরপরই মহিম ও অনিক ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আতাউল্লাহকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় স্থানীয় জনমনে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবার ও এলাকাবাসী ঘাতক ট্রাক চালককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।