চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চারদিনের সফল চীন সফর শেষে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চায়না সাউথার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার পথে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। লালগালিচায় হেঁটে বিমানে ওঠার সময় তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এর আগে গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে সক্রিয় অংশগ্রহণ করেন।
দালিয়ান থেকে বুধবার দুপুরে অত্যাধুনিক হাই স্পিড বুলেট ট্রেনে চড়ে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বেইজিংয়ে অবস্থানকালে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে তিনি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বার্তা দেন।
উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে তার এই বিদেশ সফরের সূচনা হয়েছিল। মালয়েশিয়া সফর শেষ করে তিনি চীনের দালিয়ানে যান এবং সেখান থেকে বেইজিংয়ে কূটনৈতিক ও বাণিজ্যিক নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেন।
