১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে প্রশাসনের সমন্বয় সভা

আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিভাগীয় প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশালে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রশাসন এবং সংশ্লিষ্ট সব সংস্থা একযোগে কাজ করছে। প্রধানমন্ত্রী ১৩ জুলাই সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করবেন। সফরকালে তিনি গৌরনদী ও বরিশাল সদর এলাকায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল–বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ করবেন। এরপর সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন।

বিজ্ঞাপন

এদিকে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। পরিদর্শন শেষে তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর শান্তিপূর্ণ ও সফলভাবে বাস্তবায়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইতিমধ্যে একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে এবং দলের দায়িত্বশীল নেতারা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন।

0%
0%
0%
0%