২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাত: নওগাঁয় জনদুর্ভোগ চরমে, স্থগিত শিক্ষা কার্যক্রম

গত ২৪ ঘণ্টার টানা বর্ষণে নওগাঁ শহরসহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। অবিরাম বৃষ্টিপাতে শহরের অধিকাংশ রাস্তাঘাট হাঁটুপানির নিচে তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বর্ষণে শহরের বিভিন্ন নিচু এলাকায় অবস্থিত ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বাসিন্দারা বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে উঁচু স্থানে সরে গেছেন।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নওগাঁয় ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। অতি বৃষ্টির কারণে নওগাঁর বুক চিরে বয়ে যাওয়া আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বিপদসীমার কাছকাছি পৌঁছেছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ষাণ্মাসিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানিবন্দি মানুষজন বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছেন।