আজাদ কাশ্মীর নির্বাচন নিয়ে রানা সানাউল্লাহর অভিযোগ প্রত্যাখ্যান পিপিপির

আজাদ কাশ্মীর নির্বাচনে কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। রানা সানাউল্লাহর তোলা অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে দলটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে পাকিস্তানের ফেডারেল সরকারের পক্ষ থেকে নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পিপিপি।

বিজ্ঞাপন

দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান পিপলস পার্টির কেন্দ্রীয় তথ্য সচিব নাদিম আফজাল চান অভিযোগ করেছেন যে, নির্বাচনী এলাকায় দায়িত্বরত কর্মকর্তারা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর একজন কর্মীর বাসায় অবস্থান করছিলেন। তিনি রানা সানাউল্লাহকে উদ্দেশ্য করে বলেন, ভিত্তিহীন অভিযোগ উত্থাপন না করে তথ্য-প্রমাণ উপস্থাপন করা উচিত। যারা জনসমর্থনের ওপর আস্থা রাখেন, তাদের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই প্রতিদ্বন্দ্বিতা করা বাঞ্ছনীয়।

পাকিস্তান পিপলস পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, নির্বাচনী প্রচারণার সময় পাকিস্তানর ফেডারেল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা এবং সরকারি সুযোগ-সুবিধার চরম অপব্যবহার করা হয়েছে। নাদিম আফজাল চান দাবি করেন, ভোটের দিনও পাকিস্তানর ফেডারেল মন্ত্রীরা সরকারি রেস্ট হাউসসহ বিভিন্ন দাপ্তরিক স্থাপনায় অবস্থান করছিলেন, যা নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

নির্বাচন কমিশনকে পিপিপি বারবার চিঠি দিয়ে নির্বাচনী প্রক্রিয়া প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছে বলেও জানান নাদিম আফজাল চান। তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের নির্বাচনী অসদুপায় দলটি মেনে নেবে না। আজাদ কাশ্মীরের জনগণ যাতে স্বাধীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, তা নিশ্চিত করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি ধৈর্যের আহ্বান জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%