ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মাসুদ মিয়া নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিহত মাসুদ মিয়া মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

সংঘর্ষে গুরুতর আহত হিরণ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত অন্যদের ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‍্যাবের একাধিক দল ঘটনাস্থলে কাজ করছে।

দীর্ঘদিন ধরে কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের মধ্যবর্তী বাসস্ট্যান্ডটির নাম কী হবে—তা নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগেও একাধিকবার উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল রোববার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক করে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হলেও সোমবার সকালে তা উপেক্ষা করে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই সংঘর্ষের ফলে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ভৈরব-কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচলও বিঘ্নিত হয়। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের পরিবার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%