সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতাল চালুর দাবিতে সিলেটে মানববন্ধন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস এবং এর সাথে সংযুক্ত ৫০০ শয্যার হাসপাতাল দ্রুত চালু করার দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শান্তিগঞ্জ সমিতি, সিলেটের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে হাওর অঞ্চলের জনস্বাস্থ্য নিয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেন।
শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও ব্যাংকার কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত কাজ শেষ হওয়ার পরও দীর্ঘ এক বছর ধরে কার্যক্রম ঝুলে রয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং লজিস্টিক সাপোর্ট নিশ্চিত না হওয়ায় চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
বক্তারা আরও বলেন, হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালু না হওয়ার ফলে শিক্ষার্থীরা যেমন ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি জেলাবাসীও উন্নত চিকিৎসাসেবা পাওয়া থেকে দীর্ঘসময় ধরে বঞ্চিত থাকছেন। সরকারি বিনিয়োগের এই স্থাপনাটি অকার্যকর অবস্থায় পড়ে থাকায় হাওরপাড়ের মানুষের স্বাস্থ্যসেবার স্বপ্ন আজ স্থবির হয়ে পড়েছে।
অবিলম্বে মেডিকেল কলেজের একাডেমিক ক্লাস শুরু এবং হাসপাতালের সব ধরনের কার্যক্রম চালুর জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন হযরত আলী তালুকদার, শোয়েব আহমদ, মশিউর রহমান, তালেব হোসেন, বশির আহমদ, শাহ আলম, রাফি মিজান ও সোহাগ ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির যুগ্ম সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন।
