বকশীগঞ্জ পৌরসভার ৩০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩০ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯৪২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এই বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেটে মোট আয় ৩০ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। বিপরীতে সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার ১১৯ টাকা। এই অর্থবছরে সম্ভাব্য রাজস্ব আয় ৫ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৮২৩ টাকা এবং রাজস্ব ব্যয় ৪ কোটি ৩১ লাখ ২৪ হাজার টাকা হিসেবে প্রাক্কলন করা হয়েছে।
বাজেট উপস্থাপনকালে বিগত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের চিত্রও তুলে ধরা হয়। সেখানে বিগত বছরের রাজস্ব আয় ৯ কোটি ৩৩ লাখ ৬ হাজার ৬৬৬ টাকা এবং রাজস্ব ব্যয় ৭ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা ছিল বলে জানানো হয়।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।