চট্টগ্রামের জরাজীর্ণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার মেয়রের

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে তার প্রশাসন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। নাগরিকদের চলাচলের দুর্ভোগ লাঘব করে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই বর্তমান সিটি করপোরেশনের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার নগরীর ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজ সড়ক ও রাজাখালী সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, অবকাঠামোগত উন্নয়নের অভাবে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। জনদুর্ভোগ নিরসন এবং এলাকার সামগ্রিক উন্নয়নের কথা বিবেচনায় রেখেই দ্রুত সড়ক দুটির সংস্কার ও উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রতিটি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সিটি করপোরেশন বদ্ধপরিকর।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।