কক্সবাজারের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সচেষ্ট: পুলিশ সুপার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং পর্যটন নগরীর নিরাপত্তা নিশ্চিতকল্পে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক বিশেষ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের একটি অভিজাত হোটেলের মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রশাসন, বিচার বিভাগ ও গণমাধ্যম প্রতিনিধিদের সরব উপস্থিতি ছিল।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। তিনি তাঁর বক্তব্যে কক্সবাজারের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডে সকল মহলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক আরও বলেন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ও সাংবাদিক নেতৃবৃন্দের সম্মিলিত সহযোগিতায় কক্সবাজারকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ঈদুল আজহা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় তিনি সংশ্লিষ্ট সকল বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানান।

জেলার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান সভায় বলেন, ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকায় ঈদের ছুটি শেষে পর্যটকরা এখন স্বাচ্ছন্দ্যে কক্সবাজারে আসতে শুরু করেছেন। ভবিষ্যতে এই নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় ঈদুল আজহা পরবর্তী সার্বিক পরিস্থিতি, যানজট নিরসন, পশুর হাট ব্যবস্থাপনা এবং পর্যটন এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। একইসাথে পবিত্র এই উৎসব যেন জনসাধারণ নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক শামসুল হক শারেক, ইকরাম চৌধুরী টিপু এবং এম আর মাহবুব। এছাড়া কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলার নয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারসহ (ভূমি) প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

0%
0%
0%
0%