সংসদ ভবন পরিদর্শনে মাদারীপুরের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার বিশেষ উদ্যোগে জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে মাদারীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত হলো এক ব্যতিক্রমী শিক্ষা সফর। মাদারীপুর সদর উপজেলার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় এবং টেকেরহাট পপুলার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন।
সফরকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার পাশাপাশি সংসদ ভবনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন। এর মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনা ও সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে হাতে-কলমে বাস্তব ধারণা লাভের সুযোগ পেয়েছেন। এমন বিরল অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য ও চিন্তাধারায় নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
সোমবার দুপুরে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিশেষ সুযোগ লাভ করেন। এ সময় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খোঁজখবর নেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করেন। প্রধানমন্ত্রীর সাথে এই স্মরণীয় মুহূর্তটি শিক্ষার্থীদের মনে গভীর রেখাপাত করেছে। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া জানান, শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শনের সুপ্ত বাসনা পূরণের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ শিক্ষার্থীদের দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি আগ্রহী করে তুলবে। তিনি আগামী দিনেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের জ্ঞানমূলক ও শিক্ষাসফর অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষার্থীরা এই সফরকে জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে অভিহিত করেছেন। তারা জানান, পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের বাইরে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী নেতৃত্বের সাথে মতবিনিময় তাদের মধ্যে সচেতনতা ও দেশ গড়ার প্রত্যয় সৃষ্টি করেছে। এই অভিজ্ঞতা তাদের আগামীর পথে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।