স্টোকস ও অ্যাটকিনসন বাদ ওভাল টেস্টে ইংল্যান্ডের নেতৃত্বে ফিরলেন জো রুট

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট জয়ের পরপরই এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে পড়েছেন ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসন। নাইটক্লাবে বিশৃঙ্খলার জেরে চলমান তদন্তের কারণে আসন্ন দ্বিতীয় টেস্ট থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ওভালে ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার জো রুটের কাঁধে।

বিজ্ঞাপন

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় স্টোকস ও অ্যাটকিনসনকে এই ম্যাচের জন্য বিবেচনা করা হচ্ছে না। ২২ সালের এপ্রিলে নেতৃত্ব ছাড়ার পর আবারও অধিনায়ক হিসেবে মাঠে ফিরছেন রুট। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হ্যারি ব্রুকের পরিবর্তে রুটকে বেছে নেওয়ার মাধ্যমে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

দলে জায়গা ফিরে পেয়েছেন দীর্ঘ বিরতির পর ফেরা গতিদানব জোফরা আর্চার। আইপিএল পরবর্তী ধকল কাটিয়ে তিনি ফেরায় পেস আক্রমণে বাড়তি শক্তি পেয়েছে স্বাগতিকরা। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার জর্ডান কক্সকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওভালের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করে নিতে বদ্ধপরিকর ইংল্যান্ড।

দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াডে রয়েছেন জো রুট, রেহান আহমেদ, জোফরা আর্চার, সনি বেকার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথিউ ফিশার, এমিলিও গে, জেমস রু, অলি রবিনসন, জেমি স্মিথ এবং জশ টাং। এই পরিবর্তনগুলো দলের ভারসাম্যে কতটা প্রভাব ফেলে, তা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%