পাবনার ঈশ্বরদীতে জমিজমা বিরোধে চাচাতো ভাইয়ের গুলিতে নিহত বিএনপি নেতা

পাবনার ঈশ্বরদী উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বিরু মোল্লা (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বিরু মোল্লা লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বিরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা পারিবারিক বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি মীমাংসার জন্য আজ বুধবার সকালে বিরু মোল্লা কয়েকজন লোক নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান। সেখানে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে জহুরুল মোল্লা ও তার ছেলে বাড়ির ভেতর থেকে ফাঁকা গুলি ছুড়ে বিরু মোল্লা ও তার সঙ্গে থাকা লোকজনকে চলে যেতে বলেন। তারা সেখান থেকে সরে না গেলে পরবর্তীতে তাদের লক্ষ্য করে আবারও গুলি করা হয়। এতে বিরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, পারিবারিক জমিজমা বিরোধ নিয়ে কথা বলতে গেলে বাড়ির ভেতর থেকে গুলি করা হয়। গুলিতে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
তথ্যসূত্র: পুলিশ ও স্থানীয় সূত্র