মাদক ও সন্ত্রাস নির্মূলে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এমপি মনিরুল হক চৌধুরীর

কুমিল্লার সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় ক্রমবর্ধমান মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে প্রশাসনের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রশাসন যদি অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, তবে তিনি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন। এমনকি দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে প্রশাসনের সাফল্যের উদাহরণ টেনে তিনি গোলাবাড়ী এলাকা কেন এখনো অপরাধমুক্ত করা যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন।
মনিরুল হক চৌধুরী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গোলাবাড়ীর মূল অপরাধীদের তালিকা তৈরি করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জনস্বার্থে তিনি এলাকায় ১০ হাজার মানুষের অংশগ্রহণে লং মার্চ কর্মসূচি পালন করবেন বলে জানান। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো প্রকার আপস করা হবে না বলেও তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
সভায় উপস্থিত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিংকুর প্রতি প্রশ্ন রেখে তিনি জানতে চান, হত্যা ও মাদকসহ ৩৫টি মামলার আসামিরা কীভাবে জামিনে মুক্তি পায়। এ ধরনের স্পর্শকাতর বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমানের সঞ্চালনায় সভায় বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা মনে করছেন, জনপ্রতিনিধির এমন কঠোর অবস্থানের ফলে সীমান্তবর্তী এলাকায় অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে।
