নারায়ণগঞ্জে বিতর্ক উৎসব ও কর্মশালা শুরু

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বিতর্ক উৎসব ও প্রতিযোগিতা। আট দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দুপুর ২টা থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ধাপের কর্মশালা আয়োজিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের বিতর্কের মৌলিক কাঠামো, উপস্থাপনা কৌশল এবং যুক্তি বিন্যাসের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, এটি কেবল একটি বিতর্ক প্রতিযোগিতা নয়, বরং পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ বিকাশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলার একটি সময়োপযোগী উদ্যোগ।
জেলা প্রশাসক মো. রায়হান কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও মানসিক বিকাশে জেলায় ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সচেতনতামূলক সেমিনার, সপ্তাহে একদিন ইংরেজিতে কথোপকথনের চর্চা, বইপড়া প্রতিযোগিতা এবং বিতর্ক উৎসব অন্যতম। বর্তমান সরকারের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় তরুণ প্রজন্মের মেধা বিকাশে জেলা প্রশাসন নিয়মিত কাজ করে যাচ্ছে।
আয়োজক কমিটির তথ্যানুসারে, এবারের প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ২৮টি এবং প্রাথমিক পর্যায়ের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের সার্বিক সহযোগিতা করছেন ৬০ জন শিক্ষক। আগামী ১৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত মূল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ সদরের কমর আলী উচ্চ বিদ্যালয় এবং উপজেলা পরিষদ ভবনের দুটি ভেন্যুতে একযোগে এই প্রতিযোগিতা চলবে। মোট আটটি কক্ষে ৬০টি বিতর্কের মাধ্যমে নির্ধারিত হবে শ্রেষ্ঠ বক্তা। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
