হেফাজতে নির্যাতন বন্ধ ও আইনের শাসন নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে শুক্রবার সকালে আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা হেফাজতে নির্যাতন বন্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়ন ও নির্যাতনের কোনো স্থান থাকতে পারে না। তিনি পুলিশ বাহিনীকে নির্মমতার মানসিকতা পরিহার করে মানবিক ও আইনসম্মত আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, বিগত শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী মত দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে যে নির্যাতনের সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল, তা থেকে বেরিয়ে আসা জরুরি। আইন-শৃঙ্খলা বাহিনীকে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি।
মানববন্ধনে বক্তারা ২০১৩ সালের ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন’ কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানান। এছাড়া, হেফাজতে নির্যাতনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
মানবাধিকার কর্মী ওচমান জাহাঙ্গীরের সভাপতিত্বে ও মুজিবুল্লাহ তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুস্তাফা নূর, শিক্ষক এন এম তালুকদার, মোহাম্মদ জিয়াউদ্দিন, ইঞ্জিনিয়ার মো. মোমেন, ইমরান সোহেল, শাহজালাল এবং মীর বরকত। আয়োজক ও স্থানীয়রা এ ধরনের অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
