কাপাসিয়ায় ১৩৪ দুস্থের মাঝে এমপি’র আর্থিক অনুদান বিতরণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে রোববার সকালে হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩৪ জন অসহায় ব্যক্তির হাতে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার অনুদান তুলে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা শেফাউল হক এবং উপজেলা আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী বলেন, মানুষের সেবাই প্রকৃত ইবাদত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ ধারণ করে কাপাসিয়াকে একটি কল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় তিনি সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।