কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিবে (২৬) মরদেহ ঘটনার একদিন পর ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
মরদেহ হস্তান্তরের সময় বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্য এবং নিহত ব্যক্তির স্বজনরা উপস্থিত ছিলেন। এ সময় শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস উপস্থিত থেকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। এর আগে ময়নাতদন্তের জন্য মরদেহটি ভারতের উনকোটি হাসপাতাল মর্গে রাখা হয়েছিল।
উল্লেখ্য যে, গত শুক্রবার বিকেল ৫টার পর দত্তগ্রাম সীমান্ত এলাকায় মনু নদীর চরে মাছ ধরতে গেলে বিএসএফের গুলিতে আজিজুর রহমানের ছেলে মুজিবুর রহমান নিহত হন। ঘটনার পরপরই বিএসএফ ও ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর মরদেহ ফেরত প্রদানের বিষয়টি নিশ্চিত হয়। নিহতের মা ও স্বজনদের অভিযোগ, কোনো প্ররোচনা ছাড়াই মাছ ধরার সময় বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনায় সীমান্ত হত্যা বন্ধে ও এ ধরনের ঘটনার বিচার নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে।
