রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায় কোটিপতি এক হাজার জন, কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে গত ২০ বছরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে এক হাজার ব্যক্তি অবৈধভাবে কোটিপতি হয়েছেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার দুপুরে রাজশাহীর নানকিং দরবার হলে আয়োজিত ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি অবিলম্বে চিহ্নিত এই মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন।
উন্নয়ন ও অর্জনের ক্ষেত্রে রাজশাহী অঞ্চল বরাবরই অগ্রগামী থাকলেও বিগত দুই দশকে এই ধারা ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, বিগত সময়ের অপকর্ম ও অবক্ষয় পেছনে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নতুন করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রশাসনিক ও আইনি সক্ষমতা বৃদ্ধির ওপর তিনি জোরারোপ করেন।
রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এবং নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সেমিনারে বক্তারা নারী ও শিশু নির্যাতন রোধে বিদ্যমান আইনের সঠিক প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সমাজ থেকে নারী ও শিশু নির্যাতনের মতো ব্যাধি দূর করা সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন তারা।
