চৌহালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

সিরাজগঞ্জের চৌহালীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে চৌহালী উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। মহান স্বাধীনতার ঘোষকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নানা আয়োজনে দিনটি উদযাপন করেন।
আলোচনা সভায় বক্তারা আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে শহীদ জিয়ার অসামান্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তারা উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনায় সংক্ষিপ্ত সময়ে তিনি যে উন্নয়নের ভিত গড়ে দিয়েছিলেন, তা আজও এদেশের অগ্রগতির মূল চালিকাশক্তি। জিয়াউর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন পরিচয়ে পরিচিতি লাভ করেছিল।
উপজেলা বিএনপির সভাপতি মো: জাহিদ মোল্লা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সর্বপ্রথম বিদেশে শ্রমশক্তি রপ্তানি ও বিভিন্ন পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করেছিলেন। আজকের সমৃদ্ধ গার্মেন্টস শিল্প ও আধুনিক কৃষিব্যবস্থার ভিত্তি তাঁর শাসনামলেই স্থাপিত হয়েছিল। তাঁকে হত্যার মধ্য দিয়ে দেশ এক চরম অনিশ্চয়তা ও স্থবিরতার দিকে ধাবিত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো: শামীম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেন।