টেকনাফে ২৫ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন সাবরাং সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা এই সফল অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
অভিযান পরিচালনাকারী কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, নদীপথে নিয়মিত টহলের অংশ হিসেবে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত নৌকার গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। পরবর্তীতে নৌকাটিতে তল্লাশি চালিয়ে অবৈধ ইয়াবার চালানটি জব্দ করা হয় এবং এর সঙ্গে জড়িত চার ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
বর্তমানে জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত নৌকা এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তারেক রহমান সরকারের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রেক্ষিতে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং দেশের যুবসমাজকে রক্ষা করতে ভবিষ্যতেও এই ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।