AdvertisementAdvertisement

শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর না করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর করে একটি জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জোর দিয়ে বলেন, রোগ নিরাময়ের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং জন্মের পর থেকেই উদ্ভাবনী ও কার্যকর স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এম এম জিয়াউদ্দিন হায়দার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

Advertisement
বিজ্ঞাপন

চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন চিকিৎসকের আন্তরিক হাসি ও মানবিক আচরণ রোগীকে মানসিকভাবে সুস্থ করে তুলতে বড় ভূমিকা রাখে। অসুস্থ মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে চিকিৎসকদের দায়িত্ব কেবল ব্যবস্থাপত্র দেওয়া নয়, বরং রোগীর পাশে মানবিক সমর্থন নিয়ে দাঁড়ানো। চিকিৎসা যে কেবল ওষুধ বা ট্যাবলেটের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রোগীর সঙ্গে সুন্দর ব্যবহার এবং যথাযথ পরামর্শ যে নিরাময়ের অন্যতম অংশ, তা তিনি পুনরুল্লেখ করেন।

Advertisement
বিজ্ঞাপন

দেশে ক্যানসার ও কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এ ধরনের দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিদের অমানবিক কষ্ট লাঘবে প্রতিরোধমূলক উদ্যোগ আরও বেগবান করা সময়ের দাবি। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং উন্নয়নকে কেবল অবকাঠামোগত নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে মৌলিক স্বাস্থ্যসেবার উন্নয়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য গবেষণায় বাংলাদেশের দীর্ঘ ও সমৃদ্ধ ঐতিহ্যের কথা তুলে ধরে ড. এম এম জিয়াউদ্দিন হায়দার বলেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর বৈশ্বিক স্বীকৃতি আমাদের গর্বের বিষয়। তিনি গবেষকদের মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গবেষণার তথ্য উপস্থাপনের আগে উপজেলা পর্যায়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রকৃত চ্যালেঞ্জ চিহ্নিত করা প্রয়োজন। একটি উপজেলার সফল স্বাস্থ্যসেবা মডেল অন্য উপজেলায় ছড়িয়ে দেওয়া গেলে সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি মতপ্রকাশ করেন।

0%
0%
0%
0%