সাদুল্লাপুরে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন র্যাব মহাপরিচালক

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন সকাল থেকেই বৈরী আবহাওয়ার কারণে ঈদগাহ ময়দানগুলোর পরিবর্তে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে স্থানীয় মসজিদগুলোতে। উপজেলার প্রধান জামাতগুলো সাদুল্লাপুর কেন্দ্রীয় ঈদগাহ ও সাদুল্লাপুর মডেল মসজিদে অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর উপজেলা মডেল মসজিদে ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন মুফতি মাওলানা হিফজুর রহমান। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন তিনি।
এই জামাতে অংশ নেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ও সাদুল্লাপুর উপজেলার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ। নামাজ শেষে তিনি সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। পরে তিনি গ্রামবাসী ও স্বজনদের নিয়ে স্থানীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন এবং ঈদগাহের জায়গা স্বল্পতা নিরসনসহ সার্বিক উন্নয়ন ও সংস্কারমূলক বিভিন্ন বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব, স্মার্ট গ্রুপের অ্যাডমিন ওসমান গণি, অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা মোজাম্মেল হক ও রেলওয়ের মেকানিক শাখার অবসরপ্রাপ্ত কর্মচারী শামসুল হক উপস্থিত ছিলেন। এছাড়া বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী রাশেদুর ইসলাম রাশেদ, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, মডেল মসজিদের পেশ ইমাম মাহফুজুর রহমান নোমানী ও মোয়াজ্জেম নাজমুল ইসলাম নাঈমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঈদ আয়োজনে অংশ নেন।
