কেন্দুয়ায় সাত হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ টাকা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আঠারোবাড়ী-কেন্দুয়া সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘আশেকানে হাওলাপুরী’ নামের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মরিয়মকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি প্যাকেটে রাখা ইয়াবা ছাড়াও মাদক বিক্রির ৩ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক মরিয়ম উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভাষ্যমতে, ধৃত নারী ও তার স্বামী দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন। চট্টগ্রাম থেকে ইয়াবার চালান সংগ্রহ করে তারা স্থানীয় পর্যায়ে সরবরাহ করতেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত মরিয়মকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল মাদক নির্মূলে জড়িত চক্রের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%