Advertisement

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলনের হুঁশিয়ারি মিয়া গোলাম পরওয়ারের

কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সত্ত্বেও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী জনগণের নিরাপত্তার চেয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যে বেশি মনোযোগী। তিনি অভিযোগ করেন যে, বর্তমান সরকার রাষ্ট্রের প্রতিটি স্তরে নগ্ন দলীয়করণ করছে, যা অসাংবিধানিক ও জনস্বার্থবিরোধী।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী সেপ্টেম্বর মাসে জুলাই সনদ বাস্তবায়নের জন্য নির্ধারিত ১৮০ দিন পূর্ণ হবে। নির্ধারিত সময়ের মধ্যে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। তিনি আরও দাবি করেন, সরকার ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে এবং নির্বাচিত সরকার হওয়া সত্ত্বেও স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করছে।

বিজ্ঞাপন

উন্নয়ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, দেশে দৃশ্যমান কোনো উন্নয়ন নেই বরং সর্বত্র দলীয় কোন্দল ও সংঘাত বিরাজ করছে। বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় উন্নয়নের বরাদ্দ প্রদানেও বৈষম্য করা হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরির আহ্বান জানান।

বিকেল ৩টায় কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের নিয়ে একটি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা এটিএম মাসুম। এতে মাওলানা আবদুল হালিম, আব্দুস সাত্তার এবং অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বক্তব্য রাখেন। এর আগে অনুষ্ঠিত চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলনে অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%