দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫, ভাঙচুর ৪ মোটরসাইকেল

পটুয়াখালীর দুমকি উপজেলায় নবগঠিত যুবদলের আনন্দ মিছিলকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদর এলাকায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে এবং ৪টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিলটি উপজেলা প্রধান ফটকের সামনে পৌঁছালে সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক জাকির হাওলাদারের অনুসারী পদবঞ্চিত নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহত সৈয়দ রিয়াদ, শাকিল জমাদ্দার ও আবদুল ওয়াবকে গুরুতর অবস্থায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি জাকির আলম মিলন অভিযোগ করেন যে, জেলা বিএনপির প্রভাব খাটিয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে, ঘটনার পর পরই পদবঞ্চিত নেতাকর্মীরা নতুন বাজার এলাকায় মিষ্টি বিতরণ করে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। সম্প্রতি ঘোষিত দুমকি উপজেলা যুবদলের আংশিক কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি এবং মো. জহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
