দুমকিতে পকেট কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত যুবদল নেতাদের সংবাদ সম্মেলন

পটুয়াখালীর দুমকি উপজেলায় যুবদলের নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত একদল নেতাকর্মী। শনিবার দুপুরে স্থানীয় জমজম রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বিতর্কিত এই কমিটি পুনর্গঠনের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন অভিযোগ করেন, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের পাশ কাটিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে এই পকেট কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত এই কমিটি দলের গঠনতন্ত্রের পরিপন্থী বলে তিনি দাবি করেন। এতে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা নিবেদিতপ্রাণ কর্মীদের চরমভাবে উপেক্ষা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বক্তারা আরও জানান, ঘোষিত কমিটির নতুন সভাপতি দীর্ঘদিন রাজনীতির মাঠ থেকে বিচ্ছিন্ন ছিলেন এবং অতীতে দলের কোনো কার্যক্রমে তার অংশগ্রহণ ছিল না। এছাড়াও সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যাদের বিরুদ্ধে দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
কেন্দ্রীয় নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করে পদবঞ্চিত নেতারা হুশিয়ারি দিয়েছেন যে, তাদের দাবি মেনে নতুন কমিটি ঘোষণা করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সাবেক কমিটির একাধিক পদবঞ্চিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
