অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পটিয়ার সংসদ সদস্য এনামুল হকের

চট্টগ্রামের পটিয়া উপজেলায় গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও গুজবের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম। শনিবার দুপুরে মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সংসদ সদস্য বলেন, কতিপয় গুপ্ত সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে সার, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে। এসব নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা নানাভাবে উসকানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি স্থানীয়দের এসব অপপ্রচারকারীর ব্যাপারে সচেতন থাকার অনুরোধ জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, গুজব ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষিবান্ধব নীতির কথা উল্লেখ করে এনামুল হক এনাম বলেন, প্রান্তিক কৃষকদের সুবিধার্থে সরকার কৃষক কার্ড প্রবর্তন করেছে। যেসব কৃষকের নিজস্ব আবাদি জমি নেই, তারা সরকারি রাস্তার পাশের খালি জায়গা ও অনাবাদি জমিতে শাকসবজি চাষ করে স্বাবলম্বী হতে পারেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রায় ২৫০ জন কৃষকের মাঝে টমেটো, মুলা, কুমড়া, লালশাক ও মরিচের উন্নত মানের বীজ এবং জনপ্রতি দুই কেজি করে সার বিতরণ করা হয়। মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
