বিএনপি ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে সারজিস আলম

চাঁদপুর প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম মন্তব্য করেছেন যে, বিএনপি রাজনৈতিকভাবে লাইনচ্যুত হয়ে ক্রমাগত ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে। তিনি বলেন, বিএনপির সমালোচকদের প্রতি দলটির নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে নিজেদের ভুল-ত্রুটিগুলো সংশোধনের দিকে মনোনিবেশ করা উচিত। সমালোচনাকে বিরোধিতা হিসেবে না দেখে সেটিকে দলীয় কার্যক্রম পর্যালোচনার সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
সারজিস আলম আরও বলেন, বিএনপিকে সংসদের ভেতরে ও বাইরে শুধু কথার ফুলঝুরিতে সীমাবদ্ধ না থেকে রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে হবে। ১৮০ দিনের সরকার পরিচালনার ব্যর্থতা ও আমলনামা ইতোমধ্যে এনসিপি জনগণের সামনে তুলে ধরেছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবে।
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ঘটে যাওয়া শিক্ষক হত্যাকাণ্ড ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সারজিস আলম। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণ ও হত্যার মতো অমানবিক ঘটনার পুনরাবৃত্তি অত্যন্ত নিন্দনীয়। এসব ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অভিযুক্তদের বিচার নিশ্চিত করে রায় দ্রুত বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক রিফাত রশিদ এবং চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম ও সদস্য সচিব আমানুল্লাহ পাটোয়ারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
