AdvertisementAdvertisement

দুই যুগেও শেষ হয়নি মির্জাগঞ্জের অডিটোরিয়াম নির্মাণ কাজ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী কলেজ রোড সংলগ্ন এলাকায় একটি অডিটোরিয়াম নির্মাণের কাজ দীর্ঘ দুই যুগেও শেষ হয়নি। ২০০৪ সালে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ছাদ ও বিম ঢালাইয়ের কাজ সম্পন্ন হলেও রাজনৈতিক পটপরিবর্তন ও প্রশাসনিক জটিলতায় মুখ থুবড়ে পড়ে উন্নয়ন কর্মযজ্ঞ। বর্তমানে অযত্ন ও অবহেলায় ভবনটির রড ও বিমে মরিচা ধরেছে এবং প্লাস্টারবিহীন ইটের গাঁথনিগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে।

দীর্ঘ সময় ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় ভবনটির চারপাশ এখন লতাপাতা ও আগাছায় পূর্ণ হয়ে এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করেছে। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে মেসার্স মনিরুজ্জামান এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই অডিটোরিয়াম নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ২০০৭ সালে সরকার পরিবর্তনের পর প্রাক্কলনে ত্রুটি এবং প্রশাসনিক অনাগ্রহের কারণে প্রকল্পটি অসম্পূর্ণ রেখেই কাজ বন্ধ করে দেওয়া হয়।

Advertisement
বিজ্ঞাপন

আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই পরিত্যক্ত ভবনটির কাজ শেষ করার দাবি জানিয়ে আসলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলছেন, সরকারের পালাবদল হলেও জনস্বার্থে নেওয়া উন্নয়নমূলক প্রকল্প কেন থমকে থাকবে, তা তাদের বোধগম্য নয়। পরিত্যক্ত এই অডিটোরিয়ামটি দ্রুত সংস্কার করে ব্যবহারের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি জানিয়েছেন, তিনি সরেজমিনে পরিদর্শন করে পরিত্যক্ত ভবনটি পুনর্নির্মাণের লক্ষ্যে যথাযথ উদ্যোগ নেবেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%