নোয়াখালীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার সূচনা

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে তিন দিনব্যাপী বর্ণাঢ্য কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উদ্বোধনী কার্যক্রম শেষে জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নোয়াখালী উপপরিচালক কৃষিবিদ আশীষ কুমারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুশরেফুল হাসান। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যুগ্ম পরিচালক অচিন্ত্য কুমার দাস, পিএমও মো. আমির ফয়সল, বিভিন্ন কৃষি উপকেন্দ্রের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং কৃষক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। ক্রমবর্ধমান ভেজাল খাদ্যপণ্য থেকে মুক্তি পেতে নিজেদের উৎপাদিত কৃষিপণ্যের ওপর নির্ভরতা বাড়ানোর আহ্বান জানান তিনি। বাড়ির আঙিনা ও ছাদে আধুনিক পদ্ধতিতে শাক-সবজি চাষে উৎসাহিত করতে তিনি মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার নানাবিধ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে জেলা প্রশাসক জানান, কৃষি কার্ডের প্রচলন এবং কৃষি ঋণ মওকুফের মতো কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়নের ফলে প্রান্তিক চাষিরা ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছেন। আধুনিক প্রযুক্তির ছোঁয়া ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে নোয়াখালীর কৃষিকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
