হাঙ্গুতে সেনা অভিযানে নিহত সেনা কর্মকর্তা ও সাত জঙ্গি, বেলুচিস্তানে আরও তিন সন্ত্রাসী খতম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙু জেলায় সন্ত্রাসবাদবিরোধী এক অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন শাহাদাতবরণ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে। রাষ্ট্রবিরোধী ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্যদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এই জোরালো অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্ত্রাসীরা কোনো প্রকার ধর্মীয় পবিত্রতার তোয়াক্কা না করে একটি মসজিদের ভেতরে আশ্রয় নেয়। নিরাপত্তা বাহিনীর সাথে তীব্র গোলাগুলির এক পর্যায়ে সাত সন্ত্রাসী প্রাণ হারায়। সামনে থেকে বাহিনীর নেতৃত্বদানকারী ২৭ বছর বয়সী ক্যাপ্টেন হামজা আকরাম দেশের শান্তি রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যারা অতীতে নিরাপত্তা বাহিনী ও সাধারণ বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত ছিল।
পাকিস্তানর সামরিক বাহিনী জানিয়েছে, জাতীয় কর্মপরিকল্পনার আওতায় ‘আজম-ই-ইসতেহকাম’ প্রকল্পের অংশ হিসেবে দেশ থেকে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসবাদের মূলোৎপাটনে এই জোরালো কার্যক্রম অব্যাহত থাকবে। ক্যাপ্টেন হামজা আকরামের মতো সাহসী যোদ্ধাদের আত্মত্যাগ দেশের সার্বভৌমত্ব রক্ষার সংকল্পকে আরও সুদৃঢ় করেছে। এলাকায় এখনো তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে, যাতে কোনো সন্ত্রাসী লুকিয়ে থাকতে না পারে।
অন্যদিকে, বেলুচিস্তানের কামবিলা ও আসিমাবাদ এলাকায় পৃথক আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনী তিন জঙ্গিকে নিকেশ করেছে। এই অভিযানে ৬৮ বর্গকিলোমিটার এলাকাকে সন্ত্রাসীমুক্ত করা হয়েছে এবং জঙ্গি কমান্ডার শওকত মামাসহ আরও চারজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে গোয়েন্দা সূত্র। অভিযানে সন্দেহভাজন ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, অভিযানে জঙ্গিদের আস্তানাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে এবং তথাকথিত ফিতনা আল-হিন্দুস্তানের পতাকা অপসারণ করা হয়েছে। সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত ‘রাদ্দ-উল-ফিতনা ৩’ শীর্ষক এই অভিযান পুরোদমে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে পাকিস্তানর নিরাপত্তা বাহিনী।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
