AdvertisementAdvertisement

চোলিস্তানের ভূমিহীনদের কৃষি জমি ও আর্থিক সহায়তা প্রদান পাঞ্জাব সরকারের

চোলিস্তানের ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে পাকিস্তানে পাঞ্জাব সরকার ‘আপনা খেত, আপনা রোজগার’ শীর্ষক এক যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এই প্রকল্পের আওতায় প্রদেশটির চোলিস্তান অঞ্চলের যোগ্য পরিবারগুলোর মাঝে ইজারা ভিত্তিতে কৃষি জমি বিতরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। বাহাওয়ালপুর কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে, চোলিস্তানের বাসিন্দাদের জন্য এটি এ যাবৎকালের বৃহত্তম ভূমি বরাদ্দ কর্মসূচি।

বাহাওয়ালপুরের কমিশনার জানান, এই প্রকল্পের মাধ্যমে ৮৩ হাজার একর জমি বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৬ হাজারের বেশি সুবিধাভোগীর প্রত্যেকে পাঁচ একর করে কৃষি জমি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ২৫ জন আবেদনকারীর হাতে আনুষ্ঠানিকভাবে জমির বরাদ্দপত্র তুলে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement
বিজ্ঞাপন

চোলিস্তান উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মোট ৫২ হাজার ১৫৮টি আবেদন জমা পড়েছিল। নিবিড় যাচাই-বাছাই শেষে ২৭ হাজার ৬৪৭টি আবেদন চূড়ান্ত অনুমোদনের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে প্রথম ধাপের আওতায় ১০ হাজার ২৯০টি পরিবারকে জমি বরাদ্দ দেওয়া হচ্ছে।

শুধুমাত্র জমি বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না এই উদ্যোগ। পাঞ্জাব সরকার এবং প্রাদেশিক কৃষি দপ্তরের যৌথ সহযোগিতায় সুবিধাভোগীদের ৪২৫ কোটি রুপি আর্থিক সহায়তা প্রদানেরও পরিকল্পনা নেওয়া হয়েছে। ভূমিহীন কৃষকদের স্বনির্ভর করে তুলতে এবং চোলিস্তানের মরুময় অঞ্চলে কৃষিকাজ প্রসারে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন নীতিনির্ধারকরা।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%