কক্সবাজার এক্সপ্রেসের স্টুয়ার্ড ইয়াবাসহ গ্রেপ্তার কারাগারে প্রেরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকালে ৪ হাজার ৮৫০টি ইয়াবাসহ মো. মাহবুবুর রহমান নামের এক স্টুয়ার্ডকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনটিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব-৭ এর ভাষ্যমতে, গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই বিশেষ অভিযানে মাহবুবুর রহমানের কাছ থেকে বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার র্যাব-৭ এর পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পর অভিযুক্তকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উদ্ধারকৃত ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা নিশ্চিত হতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মাদক চোরাচালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
