পটিয়ায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা, কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের নিশ্চিন্তাপুর মহিরাখাইন গ্রামে মাদকের স্বর্গরাজ্য ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার মধ্যরাতে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়ে এলাকাবাসী ওই মাদক কারবারিদের আস্তানায় আগুন ধরিয়ে দেন এবং মো. এস্কান্দর ওরফে এস্ক নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাহমুদুলের নেতৃত্বে একটি জরাজীর্ণ কক্ষে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল একটি চক্র। বারবার সতর্ক করা সত্ত্বেও মাদক কারবারিদের কর্মকাণ্ড বন্ধ না হওয়ায় স্থানীয়রা অতিষ্ঠ হয়ে ওঠেন। বৃহস্পতিবার রাতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই আস্তানাটি ঘেরাও করলে মূল হোতা মাহমুদুল হক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দশ পিস ইয়াবাসহ এস্কান্দরকে আটক করা হয়। আটককৃত এস্কান্দর জিরি ইউনিয়নের মালিয়ারা এলাকার মোহাম্মদ সেকান্দরের ছেলে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পটিয়া থানা পুলিশ এস্কান্দরকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
এলাকায় মাদকের বিস্তার রোধে সব শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এ ঘটনার পর স্থানীয়রা পলাতক মূল হোতা মাহমুদুল হককে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের মাদকবিরোধী অভিযানে নিয়মিত তদারকির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন এলাকাবাসী।
