গৌরনদীতে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালের গৌরনদী উপজেলায় সরকারি কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ শেষে ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের সাতমাইল এলাকায় কোমলমতি শিক্ষার্থীদের আবদারে নিজের গাড়িবহর থামিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে বরিশাল ক্যাডেট কলেজ সংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের এমন আবেগী অনুরোধে সাড়া দিয়ে তিনি কেবল কুশল বিনিময়ই করেননি, বরং তাদের হাতে তুলে দিয়েছেন বিভিন্ন ক্রীড়া সামগ্রী।
প্রধানমন্ত্রীকে একনজর দেখার প্রত্যাশায় সোমবার সকাল থেকেই গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত মহাসড়কের দুই পাশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রধানমন্ত্রীর গাড়িবহর ওই এলাকা দিয়ে অতিক্রম করার সময় সড়কের দুই পাশে অপেক্ষমাণ জনতার উচ্ছ্বাস দেখে তিনি গাড়ি থামানোর নির্দেশ দেন। এরপর তিনি গাড়ি থেকে নেমে স্থানীয় বাসিন্দা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
দুপুর দেড়টার দিকে সাতমাইল এলাকায় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে এক অভাবনীয় আনন্দের জোয়ার বয়ে যায়। তারা করতালির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় কয়েকজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার ইচ্ছা প্রকাশ করলে তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এক ছাত্রীর মোবাইল ফোন হাতে নিয়ে নিজেই শিক্ষার্থীদের সঙ্গে ফ্রেমবন্দি হন।
প্রধানমন্ত্রীর এই অকৃত্রিম ও সাবলীল আচরণে উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দীর্ঘক্ষণ সবার সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রীর এমন মানবিক ও জনবান্ধব মুহূর্তগুলো উপস্থিত শিক্ষার্থীদের মনে দারুণ এক অনুপ্রেরণার সঞ্চার করেছে।