সিরাজগঞ্জে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ জেলা শহরের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় সাত যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৪ অক্টোবর রাতে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকার ফার্মেসি মালিক সাধন কুমার চক্রবর্তী দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পৌর এলাকার মীরপুর বিড়ালা কুঠি নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্রের আঘাতে তাকে গুরুতর জখম করে ওষুধ বিক্রির টাকা ও বাইসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।
স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করলে পরদিন ১৫ অক্টোবর সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই শ্রী চন্দন কুমার চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আদালত এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনির শাহাদত হোসেন কুটুম ও তারা মিয়া, মালশাপাড়া মহল্লার ইমরান, মীরপুর উত্তরপাড়ার উজ্জ্বল, রেলওয়ে কলোনির রিকো ও গোলাম এবং হোসেনপুর খলিফাপাড়া মহল্লার টোকাই মনির। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই পলাতক ছিলেন, তাই তাদের গ্রেপ্তারের জন্য আদালত পুলিশকে নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
