ছুটি রমজানে মাধ্যমিক বিদ্যালয় ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধের নির্দেশ হাইকোর্টের

পবিত্র রমজান উপলক্ষে আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে এ আদেশ দেন।
এর আগে গত ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল রিট আবেদনটি দায়ের করেন। তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন মো. হানিফ।
শুনানি শেষে মো. ইলিয়াছ আলী মন্ডল জানান, রমজানের ছুটি নিয়ে একই মন্ত্রণালয় থেকে দুটি আলাদা চিঠি ইস্যু করা হয়। একটিতে বলা হয়, ১৫ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান মাস এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসা বন্ধ থাকবে। অন্যদিকে মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ৮ মার্চ থেকে ছুটি শুরুর কথা উল্লেখ করা হয়, যা বৈষম্যমূলক। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে রুল জারি করেন এবং ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। অর্থাৎ মাদ্রাসার মতো পুরো রমজান মাস মাধ্যমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে।
এর আগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ২০২৬ সালের ছুটির খসড়া তালিকা প্রকাশ করে। সেখানে পবিত্র রমজান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ), শবে কদর (১৭ মার্চ), জুমআতুল বিদা (২০ মার্চ) ও ঈদুল ফিতর (২১ মার্চ) উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটির কথা বলা হয়।
অন্যদিকে গত বছরের ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করে। এতে পবিত্র রমজান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়।
রিট আবেদনে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। সংবিধানের ২ক অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম এবং ৩১ অনুচ্ছেদে আইনের শাসনের বিষয়টি উল্লেখ রয়েছে। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রথা চালু আছে। সেই প্রথার আলোকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সিদ্ধান্ত সংবিধানসম্মত নয় বলেও রিটে উল্লেখ করা হয়।
