ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে সিএমএসএমই খাতে অর্থায়ন সহজতর করছে ডাচ্-বাংলা ব্যাংক

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের দোরগোড়ায় সহজ ও দ্রুত ঋণসেবা পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান জানিয়েছেন, ব্যাংকের বিশাল ডিজিটাল অবকাঠামো, এটিএম ও সিআরএম নেটওয়ার্ক এবং রকেটের মতো উদ্ভাবনী সেবাকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে ঋণের আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে তথ্য যাচাই ও ক্রেডিট মূল্যায়নের মতো জটিল ধাপগুলো এখন অনেক বেশি ডিজিটাল ও সুশৃঙ্খল হয়েছে।
বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংকের নেটওয়ার্কে ২৪৩টি শাখা, ৩৪৪টি উপশাখা, ৯ হাজারেরও বেশি এটিএম ও সিআরএম এবং ৫ হাজার ৬৩৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট যুক্ত রয়েছে। রকেট ও নেক্সাস পে-সহ ব্যাংকের ৬ কোটি ৫৮ লাখেরও বেশি গ্রাহকের সুবিশাল এই ভিত্তিকে কাজে লাগিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ডিজিটাল ডকুমেন্টেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিএসএস চালুর ফলে কাগজনির্ভরতা অনেকাংশে কমেছে, যা উদ্যোক্তাদের মূল্যবান সময় সাশ্রয় করছে এবং ঋণের আবেদন অনুমোদনের গতি বাড়িয়েছে।
ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেছেন মো. এহতেশামুল হক খান। তিনি বলেন, প্রযুক্তি ও ডেটা-ড্রিভেন ডিসিশন মেকিংয়ের মাধ্যমে এই খাতের ঝুঁকি অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে। সঠিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে সিএমএসএমই খাতে টেকসই ও লাভজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করছে ডাচ্-বাংলা ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিল, ক্রেডিট গ্যারান্টি স্কিম এবং স্টার্টআপ ফান্ডের মতো প্রণোদনা প্যাকেজগুলো প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতেও ব্যাংকটি সক্রিয় ভূমিকা রাখছে।
গ্রামীণ অর্থনীতি ও স্থানীয় ঐতিহ্যবাহী পণ্যের বিকাশে ‘একটি গ্রাম, একটি পণ্য’ বা ওভিওপি উদ্যোগের আওতায় উদ্যোক্তাদের নিয়মিত পরামর্শ ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পরিবেশবান্ধব ব্যাংকিং বা গ্রিন ফাইন্যান্সিংয়েও শীর্ষস্থানে থাকা এই ব্যাংকটি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিশেষ বিনিয়োগ বজায় রেখেছে। তরুণ উদ্যোক্তাদের জন্য ‘অংকুর’ স্টার্টআপ ফান্ডের পাশাপাশি নতুন ব্যবসায়ীদের নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
নারী উদ্যোক্তাদের উন্নয়নে ডাচ্-বাংলা ব্যাংক বিশেষায়িত ‘সফলতা’ ও ‘উৎসাহ’ নামক ঋণপণ্যের মাধ্যমে সহজ শর্তে আর্থিক সহায়তা প্রদান করছে। এসব পণ্যের আওতায় নারী উদ্যোক্তারা মাত্র ৫ শতাংশ বার্ষিক সুদে ক্যাশ ক্রেডিট ও টার্ম লোনসুবিধা পাচ্ছেন। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও আধুনিক অ্যানালিটিকসের সমন্বয়ে এই ঋণসেবাকে আরও স্বচ্ছ, গতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক করার পরিকল্পনা রয়েছে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক।