কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার দায়ে মফিজুল ইসলাম মফু নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫০ বছর বয়সী মফিজুল ইসলাম খিলপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালে সোনালী শিশু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাজরিন সুলতানা ঝুমুর সকাল ১০টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয় খেয়াইশ ঠাকুরবাড়ি পুকুর পাড়ের একটি ধানি জমিতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত ও সাক্ষ্য-প্রমাণে উঠে আসে যে, আসামিকে কৌশলে অপহরণ করে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, আদালতে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বিচারক মাত্র ১৯ কার্যদিবসের মধ্যে এই চাঞ্চল্যকর মামলার রায় প্রদান করেন। আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী মো. মাহবুবুল হক এই রায়কে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
রায় ঘোষণার পর নিহত শিশুর মা রাজিয়া আক্তার সন্তুষ্টি প্রকাশ করলেও দ্রুততম সময়ের মধ্যে এই দণ্ড কার্যকর করার দাবি জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা আদালতের রায়ে স্বস্তি প্রকাশ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।