শরীয়তপুরে টানা মাদকবিরোধী অভিযান
সাত দিনে যৌথবাহিনী ও পুলিশের অভিযানে গ্রেপ্তার একাধিক, উদ্ধার বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা

শরীয়তপুরে গত সাত দিনে যৌথবাহিনী ও পুলিশের টানা মাদকবিরোধী অভিযানে একের পর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উত্তর ডুবলদিয়া এলাকা থেকে মোঃ সুমন ঢালী (২১) নামে এক যুবককে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে জাজিরা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সামাদ মাদবরের বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়। পরদিন শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এরপর সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার মহেশ্বরপট্টি এলাকায় যৌথবাহিনীর অভিযানে আলাউদ্দিন ওরফে আলো সিকদার নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত জলিল সিকদারের ছেলে। নিয়মিত রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘরের আলমারী থেকে ৭ কেজি গাঁজা ও ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোসাইরহাট থানায় হস্তান্তর করা হয়।
পরে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জাজিরা পৌরসভার আড়াচন্ডি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জাজিরা থানা পুলিশ। অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ১১ হাজার ৫০০ টাকা নগদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আড়াচন্ডি এলাকার মোঃ মামুন বেপারী, তার স্ত্রী আয়েশা বেগম এবং দক্ষিণ বাইকশা এলাকার মোঃ সাগর ফকির। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকা থেকে রাজ্জাক হোসেন ফকির নামে এক মাদক কারবারিকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর কেরানীগঞ্জের বাসিন্দা রাজ্জাক বর্তমানে জাজিরা থানাধীন এলাকায় বসবাস করছিলেন বলে জানায় পুলিশ।
এসব অভিযানের বিষয়ে পুলিশের একাধিক কর্মকর্তা জানান, শরীয়তপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।